মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্তাধীন আসামি সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানের জামিন চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার করা ওই আবেদনের প্রেক্ষিতে তার চিকিৎসার বিষয়ে কারা কর্তৃপক্ষের কাছে ১৪ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। সেদিনই এই আবেদনের পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
গত ৯ মে জুলাই গণুঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় এই সাবেক মন্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশনা চেয়ে ট্রাইবুনালে আবেদন করা হয়।
এ সংক্রান্ত আবেদনের শুনানিতে ২৯ মে ফারুক খানের স্বাস্থ্যগত তথ্য ও চিকিৎসার বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এর আগে, গত ১৪ অক্টোবর রাতে ফারুক খানকে তার ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
২০০৮ সাল থেকে পরের সবগুলো সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন থেকে জয়ী হয়ে শেখ হাসিনার মন্ত্রিসভায় দুই দফা মন্ত্রী হন ফারুক খান।


