বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। একই সঙ্গে গ্রেফতারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ মার্চ দিন ধার্য করা হয়।
মঙ্গলবার দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ তরিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
শুনানিতে তিনি আদালতকে জানান, অ্যাননটেক্স গ্রুপের নামে জনতা ব্যাংক থেকে প্রায় ৫৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অর্থনীতিবিদ ড. আবুল বারকাতসহ মোট ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত অভিযোগপত্র গ্রহণ করে ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
পরোয়ানা জারি হওয়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী হাসান, জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবদুছ ছালাম আজাদ, সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের সাবেক কর্মকর্তা এবং অ্যাননটেক্স গ্রুপের চেয়ারম্যান মো. ইউনুছ বাদল ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।
এদিন মামলার শুনানির সময় কারাগারে থাকা ড. আবুল বারকাতকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে করা জামিন আবেদন শুনানি শেষে আদালত নাকচ করে তাকে ফের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এই মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া নথিপত্র তৈরি করে জনতা ব্যাংক থেকে প্রায় ৫৩১ কোটি ৪৪ লাখ টাকা আত্মসাৎ করেন। সুদসহ এই অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় এক হাজার ১৩০ কোটি ১৯ লাখ টাকা। যদিও মামলার এজাহারে আত্মসাতের পরিমাণ উল্লেখ ছিল ২৯৭ কোটি ৩৮ লাখ টাকার বেশি।
গত বছরের ২২ ফেব্রুয়ারি দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. নাজমুল হুসাইন বাদী হয়ে মামলাটি করেন।
পরে গত ২০ অক্টোবর তদন্ত শেষে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়।


