যশোর জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ারদারের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
এদিন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ এমরান হোসেন অভিযুক্তের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট যশোর জেলার সাবেক পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের বিরুদ্ধে চাঁদাবাজি, চোরাচালান এবং অবৈধ উপায়ে অর্জিত অর্থ উপার্জন করে পাচারের অভিযোগ রয়েছে। অভিযোগের অনুসন্ধান দুর্নীতি দমন কমিশনে চলমান রয়েছে।
অনুসন্ধানকালে জানানো হয়, গোপনে প্রলয় কুমার দেশত্যাগ করার প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি দেশত্যাগ করে বিদেশ পালিয়ে গেলে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র প্রাপ্তিতে বাঁধা সৃষ্টি হবে। এ জন্য অভিযোগ সংশ্লিষ্টের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া আবশ্যক।
অভিযুক্ত প্রলয় কুমার জোয়ারদার নেত্রকোনা জেলার বারহাট্টা থানার স্বল্প পাগলী এলাকার বাসিন্দা। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি পলাতক।


