সাতক্ষীরা শহরের বাটকেখালী গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বাটকেখালী গ্রামের গফুর সাহেবের পুকুর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুরা হলো, শহরের বাটকেখালী গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ও সাতক্ষীরা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী হাবিবা খাতুন লিমা (৯) এবং একই গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে ও একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র মীর লাবিব হোসেন (১০)।
স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে শিশু দুটি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। দীর্ঘ সময় পার হলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় এক ব্যক্তি ওই পুকুরে গোসল করতে নেমে ঘাটে দুই জোড়া জুতা পড়ে থাকতে দেখতে পান। এতে তার সন্দেহ হলে তিনি পানিতে নেমে একটি শিশুকে দেখতে পান।
পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে এসে ওই পুকুর থেকে দুটি শিশুর নিথর দেহ উদ্ধার করেন। শিশু দুটিকে উদ্ধারের পর তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রত্যয় সাহা তাদের মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু দুটিকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


