সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ পুনরায় সংশোধন করছে সরকার। এতে, পূর্বে রহিত হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর বেশ কয়েকটি ধারায় যাদের বিরুদ্ধে দণ্ড দেয়া হয়েছিল, তাদের দণ্ড বাতিল ঘোষণা করা হবে। ফলে আগের মামলাগুলোও বাতিল করা হবে।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর ৫০ ধারা সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকের সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন প্রধান উপদেষ্টার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
সংবাদ সম্মেলনে বলা হয়, সংশোধিত খসড়ায় বলা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ এবং ৩১ ধারায় কোনো অপরাধ সংঘটন সহায়তার জন্য যেসব মামলা চলমান ছিল, তা বাতিল বলে গণ্য হবে।
এ ছাড়া, এসব ধারায় কোনো আদালত বা ট্রাইব্যুনালের দেওয়া দণ্ড ও জরিমানা অবৈধ হিসেবে গণ্য হবে এবং এই বিষয়ে আর কোনো কার্যক্রম গ্রহণ করা যাবে না।


