আসন্ন জাতীয় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসোস)। সংগঠনটির নেতারা বলেছেন, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, তৃণমূল শাসনব্যবস্থা শক্তিশালী করা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া অত্যন্ত জরুরি।
শনিবার রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘গণভোটে হ্যাঁ ভোট দিন’ শীর্ষক এক অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়। একই সঙ্গে আসন্ন গণভোটের পক্ষে দেশব্যাপী প্রচারণা ও জনমত গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেয় সংগঠনটি।
দেশের প্রায় ৫৫ হাজার ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের প্রতিনিধিত্বকারী এই সংগঠনটি গণভোটে বিপুল ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে সারাদেশে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।
অনুষ্ঠানে বাইসোস নেতারা বলেন, ইউনিয়ন পরিষদ সদস্যরা তৃণমূল পর্যায়ে রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা সাধারণ মানুষের মাঝে গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর অবদান রাখতে পারেন।
স্থানীয় সরকার ব্যবস্থায় তরুণদের সম্পৃক্ততার ওপর বিশেষ গুরুত্বারোপ করে সংগঠনটি। ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন গণতান্ত্রিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণদের সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামাজিক অপরাধ ও মাদক নির্মূলে প্রতিটি ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে ‘ওয়ার্ডভিত্তিক আইনশৃঙ্খলা কমিটি’ গঠনের পরিকল্পনার কথাও জানায় বাইসোস।
বেকারত্ব নিরসনে সংগঠনটি জানায়, সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন, আইসিটি প্রশিক্ষণ এবং মৎস্য ও পশুপালনভিত্তিক প্রকল্প বাস্তবায়নে কাজ করবে তারা।
অনুষ্ঠানে বাইসোসের পক্ষ থেকে জাতীয় উন্নয়নে সাত দফা প্রস্তাব পেশ করা হয়। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—ইউনিয়ন পর্যায়ে জনসংখ্যা নিয়ন্ত্রণ জোরদার, বয়স্ক শিক্ষা সম্প্রসারণ, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার, দেশব্যাপী বৃক্ষরোপণ, কমিউনিটি-ভিত্তিক আইনশৃঙ্খলা ব্যবস্থা, ক্ষুদ্র ও কুটির শিল্প ও আইটি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করা।


