ব্যবসায়ীদের প্রতিবন্ধকতা দূর করে দেশে ব্যবসায়ীবান্ধব পরিবেশ তৈরি করে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কাজ শুরু করেছি। তার মূল উদ্দেশ্য বেকারত্ব দূর করা, কর্মসংস্থান সৃষ্টি করা এবং অর্থনৈতিক চাকা গতিশীল করা। সরকার ব্যবসায়ীদের পাশে আছে, থাকবে। সরকার ব্যবসা করবে না, ব্যবসায়ীদের সহযোগিতা করবে।’
মঙ্গলবার দুপুরে ঘোড়াশাল প্রাণ কারখানা (এএমসিএল) পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এর আগে সকালে নরসিংদীর পলাশে বন্ধ থাকা কো-অপারেটিভ জুট মিল পরিদর্শন শেষে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশের বন্ধ জুটমিলগুলো চালু করতে কাজ করছে সরকার। সরকারি বেসরকারি যেকোনো ব্যবস্থাপনায় জুট মিলগুলো চালু করতে বর্তমান সরকার সচেষ্ট রয়েছে।
বিগত সরকারের আমলে বন্ধ থাকা জুটমিলগুলো লিজের নামে লুটপাট হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এসময় অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, যুগ্মসচিব হাফসা বেগম, বিজেএমসি চেয়ারম্যান কবির উদ্দিন শিকদার, উপসচিব সাইফুল ইসলাম আজাদ, উপসচিব শাহদত হোসেন কবিরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


