সড়ক ও নৌপথে নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিতসহ ছয় দফা দাবি জানিয়েছে ‘মঞ্চ ২৪’। দাবি বাস্তবায়ন না হলে জনগণকে সঙ্গে নিয়ে ‘নিরাপদ পরিবহন আন্দোলন’ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করেন সংগঠনটির আহ্বায়ক ফাহিম ফারুকী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে পরিবহন ব্যবস্থার চরম অব্যবস্থাপনার কারণে একের পর এক মর্মান্তিক দুৰ্ঘটনা ঘটছে। দৌলতদিয়াসহ বিভিন্ন এলাকায় সম্প্রতি ২০টিরও বেশি বড় দুর্ঘটনা ঘটেছে, যাতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এই ঘটনাগুলো নিছক দুর্ঘটনা না, এগুলো চরম অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার ফল।
ফারুকী বলেন, এসব প্রাণহানির পর সরকার মাত্র ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়ে দায় সেরেছে। মানুষের জীবনের মূল্য কোনো অর্থ দিয়ে পরিমাপ করা যায় না। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য একটি সমন্বিত, মানবিক ও দায়িত্বশীল উদ্যোগ প্রয়োজন।
হাদি হত্যা প্রসঙ্গে ফাহিম ফারুকী বলেন, ‘আমরা হত্যাকারীদের গ্রেপ্তারকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখলেও অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি তাদের দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার ব্যাপারে সরকারের দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ নেই।’
সংবাদ সম্মেলনে ‘মঞ্চ ২৪’ এর উপদেষ্টা ফেরদৌস আজিজ বলেন, ‘হাদি হত্যার পর আসামিরা সীমান্ত পার হওয়া নিয়ে যে তথ্য দেওয়া হয়েছিল তা ছিল একটি সাজানো নাটক। বর্তমান সরকার এই হত্যার জন্য সরাসরি দায়ী না হলেও, আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার দায়ভার তাদের ওপরই পড়ে।’
সংগঠনটির দাবিগুলোর মধ্যে রয়েছে, ১৫ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার দায়ে অভিযুক্তদের বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। অবিলম্বে একটি নিরপেক্ষ উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা। আসামিরা কীভাবে সীমান্ত অতিক্রম করেছে, কারা তাদের সহযোগিতা করেছে-তা তদন্ত করে সংশ্লিষ্টদের নাম প্রকাশ ও গ্রেপ্তার করা।
এ ছাড়া ভারতে অবৈধ কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) কারণে বিচার প্রক্রিয়া যেন বিলম্বিত না হয়, সেজন্য একটি বিশেষ আইনি বিশেষজ্ঞ সেল গঠনের দাবি জানিয়েছে তারা। একই সঙ্গে ১৫ কার্যদিবসের মধ্যে আসামিদের দেশে ফিরিয়ে আনার দৃশ্যমান অগ্রগতি বা রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছে মঞ্চ ২৪।


