সংসদে বিরোধী দলকে সব বিষয়ে কথা বলার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের নবনির্বাচিত চিফ হুইপ মো. নূরুল ইসলাম।
রোববার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
এদিন সকালে চিফ হুইপের নেতৃত্বে নবনির্বাচিত হুইপ জি কে গউছ, রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, আখতারুজ্জামান মিয়া, রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও এ বি এম আশরাফ উদ্দিন নিজাম স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে চিফ হুইপ নূরুল ইসলাম সংবাদিকদের বলেন, ‘বর্তমান সংসদ হবে প্রাণবন্ত। বিরোধী দলকে সব বিষয়ে কথা বলার সুযোগ দেওয়া হবে। বর্তমান সরকার জনগণের সরকার। স্বৈরাচার বিরোধী আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে। তাই জনগণই সবকিছু।’
এ সময় সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ সরকারে বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২ মার্চ এক প্রজ্ঞাপনে নূরুল ইসলামকে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত করা হয়। সেদিনই পৃথক আরেকটি প্রজ্ঞাপনে ছয়জন হুইপ নিযুক্ত করা হয়।


