ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বরাদ্দ পাওয়া ১৩টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট।
বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মঈন উদ্দীন খান। এর আগে বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে জোটটির নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মঈন উদ্দীন খান বলেন, ‘বুধবার জামায়াত জোটের পক্ষ থেকে দলটির কয়েকজন নেতা ১৩টি মনোনয়ন সংগ্রহ করেছেন। তারা মাসুরা নামে মনোনয়নপত্রগুলো সংগ্রহ করেছেন।’
এদিকে বিএনপি থেকে ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশী নারী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানায় ইসি।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাইয়ের কাজ করা হবে ২২ ও ২৩ এপ্রিল। যদি কেউ আপিল করার ইচ্ছা পোষণ করেন, তবে তিনি ২৬ এপ্রিল আপিল আবেদন করতে পারবেন। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল। আর ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


