মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদে ফজরের নামাজ পড়া অবস্থায় হাফিজ মিয়া (৫০) নামে এক মুসল্লিকে কলম দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে। রোববার ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের কুমিল্লাপাড়া গ্রামের পূর্ব লইয়ারকুল ফুরকানিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত জসিম মিয়াকে (৩০) আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। সে একই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, প্রতিদিনের মত ভোরে মসজিদে ফজরের নামাজ পড়তে যান হাফিজ মিয়া। জামাত চলাকালীন জসিম মিয়া তার ওপর অতর্কিতে হামলা চালায় এবং কলম দিয়ে হাফিজ মিয়ার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করতে থাকে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) সজিব চৌধুরী বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জসিম মিয়াকে আটক করেছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।


