শ্রীনগরে রাতের বেলা অস্ত্রসহ প্রতিপক্ষের ঘরে ঢুকে হামলা, গুলি

শ্রীনগরে রাতের বেলা অস্ত্রসহ প্রতিপক্ষের ঘরে ঢুকে হামলা, গুলি
সশস্ত্র হামলার ঘটনায় আহত শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতের বেলা অস্ত্রসহ প্রতিপক্ষের ঘরে ঢুকে হামলার ঘটনা ঘটেছে। এতে ১৬ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার রাতে উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে র‍্যাব-১০।

আটক ব্যক্তিরা হলেন–মহাসিন খান, হারুন রশিদ খান ও মান্নান খান।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আধারে প্রতিপক্ষ মিজান গ্রুপের লোকজনের বাড়িতে ঢুকে শর্টগান, রিভলবার, পিস্তলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আকস্মিক হামলা চালায় মান্নান গ্রুপের সদস্যরা। তারা নির্বিচারে গুলিও চালায়।

আরও পড়ুন

এ সময় আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। পরে স্থানীয়দের সহায়তায় গুলিবিদ্ধ ও আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। গুরুতর আহত কয়েকজনকে ঢাকা ও দোহারসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জুয়েল মিয়া জানান, স্থানীয় পর্যায়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মান্নান গ্রুপের লোকজন প্রতিপক্ষ মিজানের পরিবারসহ তাদের সমর্থকদের বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি বলেন, ঘটনার পর অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে র‍্যাব-১০ এর ভাগ্যকুল ক্যাম্পের সদস্যরা।

এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে এবং আইনি ব্যবস্থার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad