ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৪৭ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আলাদা তিন মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন স্থানে নিয়মিত দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের পাশাপাশি অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখা গেছে।
বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে যেকোনো সময় এসব মামলার রায় ঘোষণা করা হবে।
ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে আলাদা তিনটি মামলা করে দুদক।
এ রায় ঘিরে নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের দুই প্লাটুন পুলিশ সদস্যও মাঠে রয়েছেন। ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও আদালতপাড়াসহ আশপাশের এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।
এর আগে, গত রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে এই তিন মামলায় রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন ঠিক করে দেন।
মামলার শুরু থেকেই শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল পলাতক রয়েছেন।
আসামিদের মধ্যে রাজউকের সাবেক সদস্য খুরশীদ আলম কারাগারে রয়েছেন।


