২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া আজীবন সদস্যপদ ‘অবৈধ’ ঘোষণা করে বাতিল করেছে নবনির্বাচিতরা।
বুধবার সন্ধ্যায় ডাকসুর দ্বিতীয় কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘২০১৯ সালে ডাকসু গঠনতন্ত্রের উলঙ্ঘন করে একটি প্রস্তাবের মাধ্যমে শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ প্রদান করা হয়েছিল, যা সম্পূর্ণভাবে ‘অগণতান্ত্রিক ও অবৈধ’। আজকের সাধারণ সভায় সেই বিতর্কিত প্রস্তাবটি বাতিল করা হয়েছে।’
এদিন সন্ধ্যা ৬টায় ডাকসু কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় দ্বিতীয় সাধারণ সভা। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমদ খান সভাপতিত্ব করেন। সভায় ডাকসুর ভিপি, জিএস, এজিএসসহ পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।


