ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা এবার শৃঙ্খলার মধ্যেই হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ‘এবারের ঈদযাত্রা শৃঙ্খলার মধ্যেই হচ্ছে। ১৫ মার্চ থেকে বিভিন্ন পরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে, যাতে যাত্রায় কোনো বিঘ্ন না ঘটে।’
বুধবার সকালে রাজধানী ঢাকার গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী টার্মিনালে পৌঁছে সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
রবিউল আলম আশ্বস্ত করে জানান, তিনি প্রতিটি কাউন্টারে নিজে গিয়ে দেখেছেন কেউ ভাড়া বেশি নিচ্ছে না। বরং নির্ধারিত ভাড়ার থেকে ২০-৩০ টাকা কম নেওয়া হচ্ছে। এ ছাড়া পরিদর্শক টিম ও র্যাবের কন্ট্রোল রুম থাকায় কোনো অভিযোগ পেলে তারা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি।
গত মঙ্গলবার পদ্মা সেতু দিয়ে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৩২ হাজার বেশি যানবাহন পারাপার হয়েছে উল্লেখ করে তিনি জানান, জ্বালানি সংকট নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
পরিবহন মালিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘যদি কেউ ফুয়েল না পেয়ে থাকেন, অবশ্যই আমাকে বা আমার টিমকে জানাবেন। কাউন্টারগুলো যত্রতত্র আবাসিক বা বাণিজ্যিক এলাকায় না রেখে নির্ধারিত টার্মিনালে নিয়ে আসুন।’
এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান পরিবহন মন্ত্রী। তিনি জানান, মঙ্গলবার চট্টগ্রাম রোডে একটি কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায়ের চেষ্টা হয়েছিল। পরে পরিদর্শক টিম গিয়ে সেখানে ৮৬০০ টাকা জরিমানা করেছে।
এই কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, যেখানেই অভিযোগ পাওয়া যাবে, ব্যবস্থা নেওয়া হবে।
সড়কে যানজটের বিষয়ে রবিউল আলম জানান, কোথাও বড় ধরনের যানজট নেই। বুধবার ভোর ৫টার দিকে চন্দ্রায় কিছুটা জ্যাম তৈরি হলেও তাৎক্ষণিকভাবে সেটি সমাধান হয়েছে। সব রুটেই যাত্রীরা স্বস্তিতে যাতায়াত করছেন।
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মাঠপর্যায়ে তৎপরতার অংশ হিসেবে টার্মিনালে পৌঁছে প্রথমেই মন্ত্রী পরিদর্শক টিমের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং যাত্রীদের অভিযোগের খোঁজখবর নেন। তিনি গাবতলী বাস টার্মিনালের পুলিশ কন্ট্রোল রুম ও র্যাব-৪ কন্ট্রোল রুম পরিদর্শন করেন।
র্যাব-৪ এর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোহাম্মদ আতিক মাহামুদ জানান, ‘কাউন্টারগুলো থেকে ভাড়া কমই নেওয়া হচ্ছে, বেশি নয়। তবে মাঝেমধ্যে কিছু বিচ্ছিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে, আমরা ব্যবস্থা নিচ্ছি।’


