চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে ৫ ডিসেম্বর নগরীতে মশাল মিছিল করবে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।
বুধবার একই দাবিতে শুরু করা বন্দর অবরোধ কর্মসূচি শেষ করে নতুন কর্মসূচির ঘোষণা দেয় স্কপ।
এদিন সকাল ১০টায় অবরোধ কর্মসূচি শুরু করে সংগঠনটি। কর্মসূচিটি দুপুর ১টা পর্যন্ত চলার কথা থাকলেও প্রশাসনের অনুরোধে তা সংক্ষিপ্ত করে তারা।
স্কপ নেতা ফজলুল কবির টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘সকাল থেকে আমরা আমাদের পুর্ব নির্ধারিত অবরোধ কর্মসূচি শুরু করেছিলাম। এ সময় শ্রমিক কর্মচারীরা সড়কে অবস্থান করে। প্রশাসন অনুরোধ করলে আমরা দুপুর ১২টায় কর্মসূচি সমাপ্ত করি।’
তিনি আরও জানান, আগামী ৫ ডিসেম্বর একই দাবিতে নগরীতে মশাল মিছিল করবে স্কপ।
এর আগে অবরোধকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর তিনটি স্থানে শ্রমিক কর্মচারীরা অবস্থান নেয়। নগরীর মাইলের মাথা (সী মেন্স হোস্টেল), টোল রোডের টোলপ্লাজা গেট এবং বড় পুল এলাকায় একই দাবিতে জড়ো হয় স্কপ নেতারা।
দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্বে ছিল দেশীয় প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। নতুন কোম্পানির কাছে টার্মিনাল হস্তান্তর প্রক্রিয়ার সময়টিতে নৌবাহিনী পরিচালিত চিটাগাং ড্রাই ডক লিমিটেড ছয় মাসের জন্য এই টার্মিনালটি পরিচালনার দায়িত্ব পায়। আগামী ৭ জানুয়ারি চিটাগাং ড্রাই ডক লিমিটেডের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তির মেয়াদ শেষ হবে।


