বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর মাঠে গড়াতে অপেক্ষা আর ২ দিনের। সিলেটে ২৬ ডিসেম্বর পর্দা উঠছে দেশের শীর্ষ এই টুর্নামেন্টের। কিন্তু শুরু থেকেই অফ স্পিনার নাঈম হাসানকে পাচ্ছে না রংপুর রাইডার্স। গত রবিবার রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সাইড স্ট্রেইনে চোট পান তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের সূত্রে জানা গেছে, কমপক্ষে ২ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে নাঈমকে। সেরে উঠলে এরপর আরো ১ সপ্তাহ যাবে পুনর্বাসন ও ম্যাচ ফিটনেস ফিরে পেতে। এরপর মেডিকেল বিভাগের ছাড়পত্র পেলেই মাঠে নামতে পারবেন তিনি। সিলেট পর্বের পর চট্টগ্রামেও তাই নাঈমকে পাচ্ছে না রংপুর।
যদিও ততদিনে টুর্নামেন্ট থাকবে শেষের দিকে। রংপুরও ইতোমধ্যে তার বিকল্প খোঁজা শুরু করেছে। অবশ্য ঢাকা পর্বে তাকে পাওয়ার আশা করছে ফ্র্যাঞ্চাইজিটি।


