মুক্তির প্রথম সপ্তাহ শেষে রাজধানীর উত্তরার স্টার সিনেপ্লেক্সে ‘রকস্টার’ সিনেমার প্রচারণায় এসে নেতিবাচক প্রচারণার বিরুদ্ধে সরব হলেন ঢালিউড অভিনেতা শাকিব খান। তিনি অভিযোগ করেন, কিছু স্বার্থান্বেষী মহল ইচ্ছাকৃতভাবে বাংলা সিনেমার অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়।
বৃহস্পতিবার (৪ জুন) রাতে উত্তরার স্টার সিনেপ্লেক্সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাকিব খান বলেন, একটি সিনেমা নিয়ে ইতিবাচক ও নেতিবাচক—দুই ধরনের প্রতিক্রিয়াই স্বাভাবিক। তবে ‘রকস্টার’ নিয়ে কেবলমাত্র নেতিবাচক মন্তব্যগুলো বেছে বেছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা তার কাছে রহস্যজনক মনে হয়েছে।
তিনি প্রশ্ন তুলে বলেন, ‘শুধু নেগেটিভ রিভিউ কেটে কেটে প্রচার করা হলো কেন? এই আক্ষেপটা কার প্রতি—আমার প্রতি, প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতি, নাকি পুরো বাংলা সিনেমার প্রতি? বিষয়টা আমি বুঝতে পারিনি।’
শাকিব খানের দাবি, বাংলা সিনেমা যখন নতুন গল্প ও নির্মাণশৈলী নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখনই একটি অংশ সেটিকে পিছিয়ে দিতে সক্রিয় হয়ে ওঠে। তার ভাষায়, ‘কিছু স্বার্থান্বেষী মহল চায় না বাংলা সিনেমার উন্নতি হোক। তারা চায় দর্শক পুরোনো ধাঁচের গল্প আর চেনা ছকের অ্যাকশনের মধ্যেই সীমাবদ্ধ থাকুক।’
দীর্ঘ ২৭ বছরের ক্যারিয়ারের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ইন্ডাস্ট্রির শীর্ষে ওঠা যেমন কঠিন, সেখানে টিকে থাকাও সমান চ্যালেঞ্জের। তবে এসব নেতিবাচক প্রচারণাকে তিনি পেশাগত জীবনের অংশ হিসেবেই দেখেন।
তিনি আরও বলেন, কিছু ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা সাময়িক ভিউয়ের আশায় বিভ্রান্তিকর ও নেতিবাচক কনটেন্ট ছড়ালেও দর্শকরাই শেষ পর্যন্ত সঠিক মূল্যায়ন করেন। তার মতে, মুক্তির দ্বিতীয় দিন থেকেই প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতি বাড়া প্রমাণ করে দিয়েছে—ভালো কাজ শেষ পর্যন্ত গ্রহণযোগ্যতা পায়।


