চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আগামীকাল শুক্রবার সকালে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সকাল ১০টায় এই বৈঠক হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদী আমিন।
মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের শেষ দিনে শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন। ঐতিহাসিক গ্রেট হলে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ‘বৈঠকে স্বাভাবিকভাবেই বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী। এই বৈঠক বাংলাদেশের মানুষের উন্নয়ন-অগ্রযাত্রা আরও সুসংহত করার লক্ষ্যে ইতিবাচক ফলাফল বয়ে আনবেন, ইনশাআল্লাহ।’
চারদিনের চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার বিকালে বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। এই সফরে প্রধানমন্ত্রী সঙ্গে আছেন ২৪ জন সদস্য। এদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। প্রধানমন্ত্রী উপদেষ্টা রয়েছেন পাঁচজন। এরা হলেন হুমায়ুন কবির, একেএম শামসুল ইসলাম, রাশেদ আল মাহমুদ তিতুমীর, মাহদী আমিন।
গত ২১ জুন প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী। এরপর গত সোমবার রাতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে চীনের দালিয়ানে যান। দুইদিন সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে বুধবার বিকালে বেইজিংয়ে পৌঁছান প্রধানমন্ত্রী।
শেষ দিনে প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির মধ্যে আছে সকালে ন্যাশনাল পিপলস কংগ্রেসের ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ এবং চীনের জাদুঘর পরিদর্শন।


