শিল্পপ্রতিষ্ঠানসহ নিবন্ধিত ডিরেক্ট কাস্টমারদের কাছে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে অধীনস্থ বিপণন কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। বুধবার এ নির্দেশনা দেয় বিপিসি।
বিপিসি জানিয়েছে, পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম এবং যমুনা অয়েল কোম্পানিকে তাদের নিবন্ধিত ডিরেক্ট কাস্টমারদের কাছে নিয়মিত জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সংস্থাটি জানায়, এসব ডিরেক্ট কাস্টমারের মধ্যে সাধারণত বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও বড় জ্বালানি ব্যবহারকারী প্রতিষ্ঠান রয়েছে, যারা সরাসরি বিপণন কোম্পানিগুলোর কাছ থেকে জ্বালানি তেল সংগ্রহ করে থাকে।
জ্বালানি সরবরাহে বিঘ্ন বা রেশনিং হলে এসব শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হওয়ার ঝুঁকি থাকে, যা সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপরও প্রভাব ফেলতে পারে।
বিপিসি বলেছে, দেশের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে নির্ধারিত সূচি অনুযায়ী আমদানি কার্যক্রম অব্যাহত রয়েছে এবং নিয়মিতভাবে জ্বালানি তেলের পার্সেল দেশে আনা হচ্ছে। একই সঙ্গে প্রধান স্থাপনা থেকে দেশের বিভিন্ন অঞ্চলের ডিপোগুলোতে রেলওয়ে ওয়াগন ও ট্যাঙ্কারের মাধ্যমে নিয়মিতভাবে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে।
বিপিসি জানিয়েছে, এ নির্দেশনা পুরোপুরি বাস্তবায়িত হলে শিল্পপ্রতিষ্ঠানসহ ডিরেক্ট কাস্টমারদের কার্যক্রম সচল রাখা সহজ হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে সহায়তা করবে।


