আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে জামায়াতে ইসলামীর ইশতেহারে মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের প্রতি শ্রদ্ধা এবং নারী ও শিশুদের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি প্রকাশ করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে দলের আমির শফিকুর রহমান এই ইশতেহার ঘোষণা করেন। এতে ক্ষমতায় গেলে দেশ পরিচালনার পরিকল্পনা ও অগ্রাধিকারসূচি বিস্তারিতভাবে প্রকাশ করা হয়েছে।
ইশতেহারে বলা হয়েছে, মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও লক্ষ্য—সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার, রাষ্ট্রে ও জাতীয় জীবনে প্রতিষ্ঠার জন্য কার্যক্রম নেওয়া হবে। শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও জানানো হয়েছে।
জুলাই বিপ্লবের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’আধুনিক ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে পরিচালনার কথা বলা হয়েছে ইশতেহারে। এ ছাড়া শহীদ এবং জুলাই যোদ্ধাদের জন্য মাসিক অনুদান ও ভাতা, শহীদদের পরিবার ও যোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। আহত ও পঙ্গু যোদ্ধাদের চিকিৎসার খরচ সরকারি কোষাগার থেকে বহন করা হবে।
নারী ও শিশুদের সুরক্ষা এবং ক্ষমতায়নেও ইশতেহারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হয়েছে, জাতীয় নারী সুরক্ষা টাস্কফোর্স গঠন করে সহিংসতার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। নারীদের নিরাপত্তার জন্য গণপরিবহনে সিসি ক্যামেরা, আলাদা বাস সার্ভিস, ইমার্জেন্সি কল নম্বর এবং ইমার্জেন্সি পোল চালু করা হবে। নারীদের কর্মসংস্থানের জন্য হাঁস-মুরগীর খামার, গবাদি পশু পালন ও মাছ চাষের মতো প্রকল্পে সরকারি সহায়তা দেওয়া হবে।
নারীবান্ধব নগর পরিকল্পনার অংশ হিসেবে ব্রেস্টফিডিং কর্নার, আলাদা টয়লেট ও নামাজের ব্যবস্থা করা হবে। প্রতিটি জেলায় নারী স্বাস্থ্যকেন্দ্র ও ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। নারীর সম্পত্তি অধিকার রক্ষায় ‘সম্পত্তি সুরক্ষা কমিটি’এবং নারী ও শিশু নির্যাতনের দ্রুত বিচারের জন্য বিশেষ ট্রাইবুনাল গঠন করা হবে। ভিকটিম নারীদের আইনি, মানসিক ও আর্থিক সহায়তার জন্য জেলা সদর হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু করা হবে।
ইশতেহারে হিজড়া জনগোষ্ঠীর পুনর্বাসন ও প্রশিক্ষণ, দরিদ্র অন্তঃসত্ত্বা ও প্রসূতি নারীর স্বাস্থ্য ও পুষ্টি, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিকিৎসা, শিক্ষা ও ভোকেশনাল ট্রেনিং প্রসারের প্রতিশ্রুতিও অন্তর্ভুক্ত করা হয়েছে। শিশু খাদ্যের ওপর কোনো ভ্যাট বসানো হবে না বলে উল্লেখ করা হয়েছে।


