২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার স্থানীয় সময় দল ঘোষণা করেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।
অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ এক সমন্বয় ঘটিয়ে আবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামার প্রস্তুতি শুরু করেছে আলবিসেলেস্তেরা।
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ২০২৬ বিশ্বকাপেও মাঠ মাতাবেন ৩৮ বছর বয়সী লিওনেল মেসি। ২০২২ সালে কাতার বিশ্বকাপে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনাকে তৃতীয় শিরোপা এনে দিয়েছিলেন তিনি। এবার মাঠে নামলে এটি হবে মেসির ষষ্ঠ বিশ্বকাপ। এর মধ্য দিয়ে পুরুষ ফুটবলে বিশ্বকাপের ছয়টি আসরে খেলা একমাত্র ফুটবলারদের তালিকায় ক্রিস্টানো রোনালদোর পাশে নাম লেখাবেন এই মহাতারকা।
বিশ্বকাপে সবচেয়ে বেশি (২৬টি) ম্যাচ খেলার রেকর্ডটি এখন মেসির দখলে। কাতার বিশ্বকাপে সেরা গোলরক্ষকের পুরস্কার জেতা এমিলিয়ানো মার্তিনেজও আছেন এই দলে। এ ছাড়া ইংলিশ ক্লাব ফুটবলে খেলা লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনসো ফার্নান্দেজ স্কোয়াডে জায়গা পেয়েছেন। দলে আছেন এই সময়ের আলোচিত তরুণ নিকো পাজও।
কয় দিন আগে ইন্টার মায়ামির হয়ে এমএলএস ম্যাচে বদলি হিসেবে মাঠ ছাড়লে মেসির চোটে পড়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে ক্লাব জানিয়েছিল, মেসি চোটে পড়েননি; বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের পেশিতে ক্লান্তি অনুভব করছিলেন। আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ১৯৮টি ম্যাচ খেলেছেন মেসি। বিশ্বকাপের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে মাঠে নামলেই ২০০ ম্যাচের মাইলফলক ছুঁয়ে ফেলবেন তিনি।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে বসবে এবারের বিশ্বকাপ। ‘জে’ গ্রুপে থাকা আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৬ জুন মিসৌরির কানসাস সিটিতে, আলজেরিয়ার বিপক্ষে। এরপর টেক্সাসের আর্লিংটনে ২২ জুন অস্ট্রিয়া এবং ২৭ জুন জর্ডানের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল এবং সেরা তৃতীয় স্থান পাওয়া আটটি দল পরবর্তী রাউন্ডে উঠবে।
আর্জেন্টিনার ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (আতলেতিকো মাদ্রিদ), গেরোনিমো রুই (মার্সেই)।
ডিফেন্ডার: লিসান্দ্রো মার্তিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহাম), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), নিকোলাস তাগলিয়াফিকো (লিঁও), লেওনার্দো বালের্দি (মার্সেই), ফাকুন্দো মেদিনা (মার্সেই), গনসালো মন্তিয়েল (রিভার প্লেট), নাহুয়েল মলিনা (আতলেতিকো মাদ্রিদ)।
মিডফিল্ডার: আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), এনজো ফার্নান্দেজ (চেলসি), রদ্রিগো দি পল (ইন্টার মায়ামি), লিয়ান্দ্রো পারেদেস (রিভার প্লেট), জিওভানি লো সেলসো (রিয়াল বেতিস), এজেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুসেন), ভালেন্তিন বার্কো (স্ট্রাসবুর্গ)।
ফরোয়ার্ড: লিওনেল মেসি (ইন্টার মায়ামি), লাওতারো মার্তিনেজ (ইন্টার মিলান), হুলিয়ান আলভারেজ (আতলেতিকো মাদ্রিদ), নিকোলাস গনসালেস (আতলেতিকো মাদ্রিদ), তিয়াগো আলমাদা (আতলেতিকো মাদ্রিদ), জুলিয়ানো সিমিওনে (আতলেতিকো মাদ্রিদ), নিকো পাজ (কোমো), হোসে ম্যানুয়েল লোপেস (পালমেইরাস)।


