আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা ও বিচার দাবি করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। একই সঙ্গে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা শিক্ষকদের ওপর পুলিশি হামলার অভিযোগ ওঠে।
ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, ‘শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি হামলা অত্যন্ত ন্যক্কারজনক। দীর্ঘদিন ধরে আমাদের শিক্ষকরা মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে জাতীয় প্রেসক্লাবের শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন।‘
বিবৃতিতে অভিযোগ করা হয়, বিনা উসকানিতে পুলিশ তাদের ওপর হামলা চালিয়েছে। শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড ও জলকামানের পানি ছুঁড়েছে। শিক্ষকদের নিগ্রহ, তাদের ওপর হামলা কোনভাবে মেনে নেওয়া যায় না। আমরা দেখেছি এই অন্তর্বর্তী সরকারের আমলে নানা সময়েই শিক্ষকদের ওপর আক্রমণ এসেছে।
শিক্ষকেরা যতবারই তাদের ন্যায্য দাবি নিয়ে রাজপথে এসেছেন, ততবারই পুলিশ দিয়ে হামলা করিয়ে তাদের আন্দোলন বন্ধ করার চেষ্টা করা হয়েছে। অবিলম্বে শিক্ষকদের ওপর পুলিশি হামলার বিচার করতে হবে।
শুধু আজকের হামলার নয়, পূর্ববর্তী সকল হামলার বিচার নিশ্চিত করতে হবে। একইসঙ্গে শিক্ষকদের যে ন্যায্য দাবি, এমপিওভুক্তিকরণ, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবি তা অবিলম্বে মেনে নিতে হবে। শিক্ষকদের দাবিদাওয়া পূরণে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না বলেও বিবৃতিতে বলা হয়।
একইসঙ্গে শিক্ষকদের আন্দোলনে পূর্ণ সংহতি প্রকাশ করেন নেতৃবৃন্দ।


