ঢাকার শাহবাগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষে নাশকতামূলক কর্মকাণ্ড পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারহান তানভীর নাছিফ (২৪) ও তার সঙ্গে থাকা মাইক্রোবাস চালক রুবেল মিয়াকে একদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
সোমবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।
নাছিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মনমথ হালদার আসামিদেরকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২ মে থেকে গ্রেপ্তার হয়ে এ মামলায় তারা কারাগারে ছিলেন। সোমবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে রিমান্ডে পাঠানো হয়।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের যৌক্তিকতা তুলে ধরেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী তরিকুল ইসলাম রিমান্ড বাতিলের আবেদন করেন।
মামলার এজাহারসূত্রে জানা গেছে, গ্রেপ্তার ফারহান তানভীর নাছিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হলের ২০৯ নম্বর কক্ষের আবাসিক ছাত্র। তিনি হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সরকার ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণা করার পরও সংগঠনের কার্যক্রম সচল রাখতে তিনি নেতাকর্মীদের নিয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ২ মে শনিবার ভোর আনুমানিক ৬টার দিকে টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে নিষিদ্ধ সংগঠনের ২০-২৫ জন নেতাকর্মী রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের উদ্দেশ্যে জড়ো হয়।
এসময় তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ‘কালো আইন’ বাতিলের দাবিতে উস্কানিমূলক স্লোগান দিচ্ছিল।
খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে নাছিফ ও রুবেলকে একটি মাইক্রোবাসসহ গ্রেপ্তার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ২০-২৫ জন পালিয়ে যায়।
এ ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক মো. মাইনুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।


