গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত
সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দ্রুতগতির একটি মালবাহী ট্রাকের ধাক্কায় গরু বোঝাই ভটভটি উল্টে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম আনোয়ার হোসেন (৪৫)।

মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার সুন্দরগঞ্জ–বামনডাঙ্গা সড়কের সোনারায় ইউনিয়নের বৈদ্যনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ভটভটির চালক ও দুটি গরু গুরুতর আহত হয়েছে।

নিহত আনোয়ার হোসেন সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, এদিন দুপুরে সোনারায় ইউনিয়নের ছাইতানতলা বাজার এলাকা থেকে দুটি গরু ভটভটিতে করে সুন্দরগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন আনোয়ার হোসেন। ভটভটি বৈদ্যনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়।

দুর্ঘটনায় ভটভটিতে থাকা আনোয়ার হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু ইকবাল পাশা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad