ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের একটি ফ্লাইওভার থেকে বাংলাদেশ বিমানবাহিনীর (বিএএফ) পিকআপ পড়ে গিয়ে তিন সদস্য নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে থার্ড টার্মিনালে নিয়মিত দায়িত্ব পালনের সময় বিমানবাহিনীর সদস্যদের বহনকারী পিকআপটি দুর্ঘটনার শিকার হয়।
পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বিমানবাহিনীর তিন সদস্য নিহত হন। আহত হন আরও চারজন।
নিহত ব্যক্তিরা হলেন, ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল পিয়াস ও ল্যান্স করপোরাল (এলএসি) জুবাইদুল।
আহতরা হলেন, করপোরাল সিফাত/আবু সাঈদ, করপোরাল মাহবুব ও এলএসি আহাদ। তারা তিনজনও গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তা আবুল খায়ের সামান্য আহত হয়েছেন।
আইএসপিআরের লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহত ব্যক্তি এবং নিহতদের মরদেহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।


