দেশের অন্যতম বড় সামাজিক সমস্যা ও স্বাস্থ্যঝুঁকির কারণ শব্দদূষণ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও নাগরিক সংগঠনগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।’
বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আরও বলেন, ‘পরিবেশ সংরক্ষণ শুধু মন্ত্রণালয়ের নয়, এটি সবার যৌথ দায়িত্ব। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময় পরিবেশগত মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করতে হবে। উন্নয়ন ও পরিবেশের মধ্যে ভারসাম্য না রাখলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।’
সভায় পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অতিরিক্ত সচিব (প্রশাসন ও উন্নয়ন) মো. খায়রুল হাসান, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প পরিচালক উপস্থিত ছিলেন।
সভা শেষে উপদেষ্টা বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন এবং দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।


