গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় ‘বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের’ অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে দলের স্থানীয় নেতা মানহানির মামলা করেছেন।
মঙ্গলবার গাজীপুর মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ ওই মামলা দায়ের করেন।
শুনানি শেষে অতিরিক্ত সিএমএম আদালত-২ এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চ ওই মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেন।
বাদীর অভিযোগ, তুহিন হত্যায় রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকলেও সারজিস আলম ফেসবুকে পোস্টে বিএনপিকে জড়ান। এতে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। মামলায় বলা হয়, ওই হত্যার ঘটনায় গাজীপুর মেট্রোপলিটান পুলিশ (জিএমপি) কমিশনারও কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাননি বলে জানিয়েছেন।

গত ৭ আগস্ট গাজীপুরের চৌরাস্তা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ মামলায় পুলিশ এ পর্যন্ত আট আসামির আটজনকেই গ্রেপ্তার করেছে। হত্যার দায় স্বীকার করে সোমবার এক আসামি আলাদতে জবানবন্দী দিয়েছেন।
সবশেষ, তুহিন হত্যার ঘটনায় ‘দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্তের’ আহ্বান জানিয়েছে সাংবাদিক সুরক্ষা সংস্থা ‘কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস’ (সিপিজে)। সংস্থাটি এক বিবৃতিতে দোষীদের বিচারের আওতায় আনার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতেরও আহ্বান জানিয়েছে।


