কক্সবাজারে সেন্টমার্টিনের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ দশ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া ঘাট থেকে ‘এফবি সামিহা’ নামের একটি ফিশিং বোট ১০ জেলেকে নিয়ে গত ২৫ জুন মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। সোমবার সকাল ৯টার দিকে সেন্টমার্টিনের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে।
দুপুর ১টার দিকে বোটে থাকা এক মাঝি মোবাইল ফোনে কোস্ট গার্ডের শাহপরীর দ্বীপ আউটপোস্টে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ডের একটি দল উদ্ধার অভিযান চালিয়ে বিকল বোটসহ ১০ জেলেকে জীবিত উদ্ধার করে।
উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়। পরে ফিশিং বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।


