শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামী শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এ সফরের লক্ষ্য হলো যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দুই দেশের সম্পর্ক জোরদার করা।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মো. আসাদ আলম সিয়াম এ তথ্য জানান।

তিনি বলেন, সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত ও প্রতিনিধি পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক হবে। এ সময় কৃষি খাতের তিনটি সমঝোতা স্মারক সই হতে পারে। এ ছাড়া পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করবেন শেরিং তোবগে।

সফরের দ্বিতীয় দিন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন শেরিং তোবগের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। এ ছাড়া তিনি ঢাকার ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় দুই দেশের সম্পর্ক জোরদার, বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, সাংস্কৃতিক ও ক্রীড়া খাত প্রাধান্য পাবে।

আরও পড়ুন

পররাষ্ট্র সচিব আরও বলেন, ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির ত্রিদেশীয় চুক্তি এবং দেশটিতে বাংলাদেশিদের জন্য ট্রাভেল ট্যাক্স কমানোর বিষয়ে অনুরোধ জানানো হবে।

প্রধান উপদেষ্টা চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ভুটানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী তোবগে তখন তা আন্তরিকভাবে নেন।

সফরকালীন ভুটানের প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছে সরকার। গত ১৬ নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad