চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে নুরুল ইসলাম (৫৫) নামের এক সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সাত নাম্বার ওয়ার্ডের চৌধুরী পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম বড়হাতিয়া ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডের রমজান আলী সিকদার পাড়ার বাসিন্দা।
এলাকাবাসী জানান, ভোরে নুরুল ইসলাম যাত্রী নিয়ে এলাকায় ঢুকলে, দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি রাস্তার পাশে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘ফজরের আজানের আগে অনেকে গুলির শব্দ শুনেছেন। বাবার শরীরের পিছনে গুলির চিহ্ন দেখেছি। সিএনজিতেও গুলির দাগ আছে।
বড়হাতিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল হক বলেন, ‘নুরুল ইসলাম পেশায় সিএনজি চালক ছিলেন। খুব শান্ত স্বভাবের মানুষ। হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত ও দায়ীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’
ঘটনা নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, শেষ রাতের দিকে কোনো এক সময়ে অজ্ঞাত ব্যক্তিরা নুরুল ইসলামকে গুলি করে হত্যা করেছে। মরদেহ থানায় রাখা আছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।


