‘চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়’—এমন শিরোনামে প্রকাশিত একটি সংবাদ ও ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। এ নিয়ে ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। সংস্থাটি জানিয়েছে, শিরোনামটি বিভ্রান্তিকর এবং এতে জনমনে ভুল ধারণা তৈরি হয়েছে।
এক বিবৃতিতে বোর্ড বলছে, গত ২৫ ফেব্রুয়ারি তথ্য ভবনে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের যৌথ আয়োজনে ‘চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য নিয়ন্ত্রণে আইনের বাস্তবায়ন: সংশ্লিষ্টদের করণীয়’ শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অংশগ্রহণকারী এক বক্তা ব্যক্তিগত প্রস্তাব হিসেবে ‘ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার না দেওয়ার’ মতামত তুলে ধরেন। তবে এটি কোনো সিদ্ধান্ত ছিল না বলে স্পষ্ট করেছে বোর্ড। সভায় মূলত তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন, চলচ্চিত্র, নাটক ও ওটিটি কনটেন্টে ধূমপানের দৃশ্য নিরুৎসাহিতকরণ এবং শিশু-কিশোরদের সুরক্ষা নিয়ে মতবিনিময় হয়।
বোর্ড জানায়, ‘ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার প্রদান করা হবে না’—এ ধরনের কোনো সিদ্ধান্ত সভায় গৃহীত হয়নি। এমন সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ারও ওই সভা কিংবা সার্টিফিকেশন বোর্ডের নেই।
বিবৃতিতে আরও বলা হয়, বোর্ড নির্দিষ্ট আইন ও বিধি দ্বারা পরিচালিত হয় এবং গাইডলাইনের বাইরে যাওয়ার সুযোগ নেই। একই সঙ্গে ভাইস চেয়ারম্যানের বক্তব্যও ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করা হয়। বোর্ডের ভাষ্য অনুযায়ী, ভাইস চেয়ারম্যান বলেননি যে সিনেমায় ধূমপানের দৃশ্য বন্ধে পদক্ষেপ নেওয়া হবে। তার বক্তব্য ছিল—সিনেমায় ধূমপানের দৃশ্যের ক্ষেত্রে বিদ্যমান আইন ও বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালনে সার্টিফিকেশন বোর্ড ভূমিকা রাখবে।
বিবৃতিতে দাবি করা হয়, মানস কর্তৃক জারিকৃত প্রেস রিলিজে বিভ্রান্তিকর শিরোনাম ও বক্তব্যের ভুল উপস্থাপন থেকেই এ বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বোর্ড তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকার কথা জানিয়েছে।
উল্লেখ্য, মানস ইতোমধ্যে তাদের ভুল স্বীকার করে সংশোধিত প্রেস রিলিজ প্রকাশ করেছে।


