ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (আইসেস্কো)-এর বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের প্রধান রাহিল কামার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রোববার উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় আইসেস্কোর আরও একজন প্রতিনিধি ফাহমিদা ফাইজা উপস্থিত ছিলেন। এদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আইসেস্কোর মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা প্রকল্প গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এ ছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘আইসেস্কো চেয়ার’ প্রতিষ্ঠার বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়।
উপাচার্য নিয়াজ আহমদ শিক্ষাক্ষেত্রে উন্নয়ন এবং গবেষণার গুণগত মান বৃদ্ধি করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিমান সংস্থাগুলোর সঙ্গে অংশীদারিত্ব ও নেটওয়ার্কিং গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রমে আগ্রহ প্রকাশ করার জন্য আইসেস্কো প্রতিনিধিদলের সদস্যদের ধন্যবাদ জানান তিনি (নিয়াজ আহমদ)।


