অবৈধভাবে লিবিয়া গিয়ে আটক, নির্যাতন ও অপহরণের শিকার ১৭৬ বাংলাদেশি বুরাক এয়ারের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, ত্রিপলী, লিবিয়া, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় দেশে ফিরছেন এসব বাংলাদেশি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশে ফিরে আসা ১৭৬ জনের মধ্যে ১৭২ জন ত্রিপোলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন, এবং চারজন আইওএম-এর আশ্রয় কেন্দ্রে ছিলেন।
প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচণা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। তাদের অধিকাংশই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন।
দেশে ফেরত আসার পর, এই ভয়ংকর পথ পাড়ি দিয়ে আর যেন কেউ লিবিয়ায় না যায়, এ বিষয়ে তাদেরকে সচেতন হওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সবাইকে আহ্বান জানান।
আইওএম-এর পক্ষ থেকে লিবিয়া থেকে প্রত্যাবাসিত প্রত্যেককে ছয় হাজার টাকা, কিছু খাদ্য সামগ্রী, মেডিকেল চিকিৎসা দেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।


