লালমনিরহাটে ট্রাক চাপায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে পাটগ্রাম পৌরসভার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছে আরও একজন।
নিহতরা হলেন, দিনাজপুরের হাকিমপুর এলাকার শফিকুল ইসলাম, তার স্ত্রী ও তাদের আট মাস বয়সী কন্যা। আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে নিহত দম্পতির ছেলেকে।
শফিকুল পাটগ্রাম উপজেলায় পদক্ষেপ এনজিওতে মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, পদক্ষেপ নামক একটি এনজিওতে চাকরির সুবাদে পরিবার নিয়ে পাটগ্রামেই থাকতেন শফিকুল ইসলাম। মঙ্গলবার সকালে ঈদের ছুটিতে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন তারা।
মির্জারকোট এলাকায় পৌঁছালে বুড়িমারী থেকে আসা পণ্যবোঝাই একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শফিকুল, তার স্ত্রী ও কোলে থাকা শিশুটি ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের ছেলেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘাতক অজ্ঞাত ট্রাকের পরিচয় শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে। নিহতদের পরিবারের লোকজন এলে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে।


