২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় হত্যার ঘটনায় লালবাগ থানায় করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে।
এ মামলায় দুপুরে তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরও এই মামলার আসামি। মামলাটির বাদীর নাম আশরাফুল।
শিরীন শারমিন চৌধুরী এই মামলার তিন নম্বর আসামি। এছাড়া তার বিরুদ্ধে ছয়টি মামলা আছে বলে জানা গেছে।
এর আগে মঙ্গলবার ভোর রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ঢাকার ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। শেখ হাসিনার সরকারের অধীনে গঠিত ৩টি সংসদের স্পিকার ছিলেন শিরীন শারমিন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।


