জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে মোট ১৯ জন শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকসহ একাধিক পদে নিয়োগ দেওয়া হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলা বিভাগে একজন সহযোগী অধ্যাপক (স্থায়ী) নিয়োগ দেওয়া হবে, যার বেতন স্কেল ৫০ হাজাার-৭১ হাজার ২০০ টাকা। ইংরেজি বিভাগে একজন সহকারী অধ্যাপক (স্থায়ী) নিয়োগ দেওয়া হবে, বেতন স্কেল ৩৫ হাজার ৫০০-৬৭ হাজার ১০ টাকা।
অর্থনীতি বিভাগে তিনজন প্রভাষক (স্থায়ী) নিয়োগ দেওয়া হবে। এছাড়া চারুকলা বিভাগে পেইন্টিং ও ক্র্যাফট অ্যান্ড ফ্যাশন ডিজাইন ডিসিপ্লিনে মোট দুইজন প্রভাষক নিয়োগ দেওয়া হবে।
পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগ, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রতিটিতে তিনজন করে প্রভাষক নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে একটি স্থায়ী এবং দুটি অস্থায়ী পদ রয়েছে।
এছাড়া পরিসংখ্যান ও উপাত্তবিজ্ঞান বিভাগে একজন এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)-তে দুইজন প্রভাষক (স্থায়ী) নিয়োগ দেওয়া হবে। প্রভাষক পদের বেতন স্কেল ২২ হাজার-৫৩ হাজার ৬০ টাকা।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করে প্রিন্ট কপি জমা দিতে হবে। প্রভাষক ও সহকারী অধ্যাপক পদের জন্য ৭ সেট এবং সহযোগী অধ্যাপক পদের জন্য ১০ সেট আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্র ও পেমেন্ট রশিদসহ রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে।
আবেদন ফি ৬০০ টাকা, এর সঙ্গে ১ দশমিক ২০ শতাংশ সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রভাষক ও সহকারী অধ্যাপক পদের জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ এপ্রিল এবং প্রিন্ট কপি জমা দেওয়ার শেষ তারিখ ১৬ এপ্রিল। সহযোগী অধ্যাপক পদের ক্ষেত্রে যথাক্রমে ২১ এপ্রিল ও ২২ এপ্রিল দিন নির্ধারণ করা হয়েছে।


