গুণী অভিনেতা আজিজুল হাকিম ২০২০ সালের নভেম্বর মাসে ৪৮ ঘন্টার জন্য লাইফ সাপোর্টে চলে গিয়েছিলেন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে যাবার আগে এবং সেখান থেকে ফিরে তার মানসিক অবস্থা কেমন ছিল, সে কথাগুলো প্রথমবারের মত বিস্তারিতভাবে তিনি জানিয়েছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বিতীয় মৌসুমের দ্বাদশ পর্বে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে এই জনপ্রিয় পডকাস্ট। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে আজিজুল হাকিম বলেছেন, জীবদ্দশায় অনেক শিল্পীকেই মৃত্যুবরণ করতে হয়; মুখরোচক সংবাদে কিংবা অসংখ্য নামী-বেনামী ইউটিউব চ্যানেলে। তবে এটা কাম্য নয়।
আজিজুল হাকিম জীবনের সবচেয়ে বড় ঝড় পার করে নিয়মিতভাবেই কাজ করছেন ২০২১ সাল থেকে। টিভি নাটক, ওটিটি, এমনকি চলচ্চিত্রেও অভিনয় করছেন। আসছে ঈদে তাকে দেখা যাবে রায়হান রাফীর সিনেমাতেও। ‘প্রেশার কুকার’ নামের এই সিনেমায় ভিন্নধর্মী এক চরিত্রে অভিনয় করেছেন তিনি। আজিজুল হাকিম একসময় নিয়মিত প্যাকেজ নাটকে অভিনয় করতেন বলে অনেকে তাকে সম্বোধন করতেন ‘প্যাকেজুল হাকিম’ নামে।
পডকাস্টে তিনি আরও বলেন, ’৯০ দশকের শিল্পীদের নিয়ে অনেক না জানা কথা। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।


