মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা গ্রামের অটোরিকশাচালক রফিক মিয়ার ‘হত্যাকারী’ তিন বন্ধু রিপন, সজিব ও আরমানের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন অটোরিকশাচালক, নিহতের পরিবার ও এলাকাবাসী।
রোববার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহতের পরিবারের সদস্য, অটো ও রিকশাচালক সমিতির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন বানিয়াজুরী রিকশাচালক কল্যাণ সমিতির সভাপতি হারান মিয়া, সাধারণ সম্পাদক আসলাম মিয়া এবং নিহত রফিকের ভাই আরিফ।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী জানান, এজাহারভুক্ত তিন বন্ধু রিপন, সজিব ও আরমানকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা হত্যার দায় স্বীকার করেছে।
এর আগে, গত বুধবার বিকালে মানিকগঞ্জ সদর উপজেলার পাছবারইল এলাকার কালীগঙ্গা নদী থেকে রফিক মিয়ার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
রোববার সদর উপজেলার দিঘুলিয়া এলাকা নদীপাড়ের একটি ভুট্টাখেত থেকে একটি কাটা মাথা উদ্ধার করে বানিয়াজুরী তদন্তকেন্দ্রের পুলিশ। পুলিশের ধারণা, এটি চার দিন আগে উদ্ধার হওয়া মস্তকবিহীন ইজিবাইকচালক রফিক মিয়ার।
জয়িতা শিল্পী বলেন, ‘অটোরিকশাচালক রফিককে গলাকেটে হত্যার পর তার মাথা বিচ্ছিন্ন করে নদীতে ফেলে দেওয়া হয়। উদ্ধার হওয়া মাথাটি রফিকের বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষা করা হবে।’


