যুক্তরাজ্যে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। সোমবার সকালে তিনি ঢাকায় পৌঁছান।
রাষ্ট্রপতির প্রেস সচিব সারওয়ার আলম তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।
যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় রাষ্ট্রপতির হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে। এরপর দ্রুত তার এনজিওপ্লাস্টি করা হয় এবং হৃদযন্ত্রে একটি স্টেন্ট বসানো হয়। গত মঙ্গলবার বিকালে কেমব্রিজের রয়্যাল প্যাপওয়ার্থ হাসপাতালে এই চিকিৎসা সম্পন্ন হয়।
রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক কর্নেল এ কে এম ফয়জুল হকের বরাতে প্রেস সচিব জানান, হাসপাতালে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট স্টিফেন হলির তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম করা হয়। চিকিৎসক ফয়জুল হকও রাষ্ট্রপতির সঙ্গে যুক্তরাজ্য সফরে ছিলেন।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ওপেন-হার্ট সার্জারি হয়। এরপর থেকে প্যাপওয়ার্থ হাসপাতালে তিনি নিয়মিত রয়্যাল ফলোআপ চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য পরীক্ষা ও ফলোআপ চিকিৎসার জন্য গত ৯ মে ঢাকা ছেড়ে লন্ডনের উদ্দেশে রওনা হয়েছিলেন রাষ্ট্রপতি।


