চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ (৭৫) মারা গেছেন।
বুধবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
চবির আরেক সাবেক উপাচার্য ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।
অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ ১৯৭৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ শিক্ষাজীবনে তিনি ২০০১ সালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৬তম উপাচার্য ছিলেন।
এছাড়া তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামেরও উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর এমবিএ প্রোগ্রামের প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি।
২০২১ সালে তিনি ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ)-এর নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন।
অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ ১৯৫১ সালের ১ মে চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ইছামতিকুল এলাকায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম সাইদুর রহমান।
তার স্ত্রী জান্নাতুন্নেছা একজন গৃহিনী। এই দম্পতির তিন ছেলে।
চবি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।
শোক বার্তায় বলা হয়, প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ ছিলেন দেশের অন্যতম গুণী একজন শিক্ষক। তিনি দীর্ঘ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেছেন এবং এই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক উন্নয়নে কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন। মেধাবী এ শিক্ষক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে যে অবদান রেখে গেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।


