জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে যুবদল নেতা নয়নের মামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতীয় যুবশক্তি।
সোমবার এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান সংগঠনটির আহ্বায়ক মো. তারিকুল ইসলাম ও সদস্য সচিব জাহেদুল ইসলাম।
বিবৃতিতে বলা হয়, এক গঠনমূলক বক্তব্যে যুবদল নেতা নয়নের বিষয়ে মন্তব্য করায় নাসীরুদ্দীন পাটয়ারীর বিরুদ্ধে যুবদল একটি ভিত্তিহীন, মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা করেছে। যুবশক্তি এই উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর মামলার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
নেতারা বলেন, নাসীরুদ্দীন পাটয়ারী সর্বদা সত্য ও যুক্তিনির্ভর রাজনীতির পক্ষে অবস্থান নিয়ে আসছেন। তার বক্তব্য ছিল জনতার অধিকার ও রাজনৈতিক শুদ্ধতার প্রতি দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। কারা চাঁদাবাজি করেন তা স্পষ্ট। অপরাধ লুকানোর জন্য এই মামলা করা হয়েছে।
তারা আরও বলেন, এ মামলা দেশের উদীয়মান তরুণ রাজনীতিকে ভয় দেখানোর একটি অপচেষ্টা। যুবশক্তি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, সত্য বলার অপরাধে কাউকে আইনি হয়রানির মুখে ফেলা কোনোভাবেই গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিবৃতিতে যুবশক্তির নেতাকর্মীরা দ্রুত মামলা প্রত্যাহার এবং প্রকৃত চাঁদাবাজ ও দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য যুবদলকে আহ্বান জানান।


