লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে নিচতলার গোডাউনে থাকা গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে গেছে।
শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে জেলা প্রশাসক,পুলিশ ও নির্বাচন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
জেলা রিটার্নিং অফিসার এসএম মেহেদী হাসান ও জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে জেলা নির্বাচন অফিসের নিচতলায় জানালার কাঁচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় অফিসের দারোয়ান বিষয়টি টের পেয়ে চিৎকার করলে পালিয়ে যায় তারা। পরে নির্বাচন কর্মচারীরা ফায়ার সার্ভিসকে খবর দেয়।
জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ বলেন, আগুনে অফিসের কিছু নথিপত্র পুড়ে গেছে। তবে বিষয়টি আগেই টের পাওয়ার কারণে বড় ধরনের ক্ষতি হয়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


