স্বাস্থ্যঝুঁকি এড়াতে অতি-প্রক্রিয়াজাত খাবারের প্যাকেটে সতর্কতামূলক নির্দেশিকা চিহ্ন বাধ্যতামূলক করার আহবান জানিয়েছেন খাদ্য বিশেষজ্ঞরা।
রোববার গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)-এর সহযোগিতায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত ওয়েবিনারে বিশেষজ্ঞরা এ আহ্বান জানান। বিশ্ব নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে এ ওয়েবিনার আয়োজন করা হয়।
ওয়েবিনারে জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর প্রায় ৫ লাখ ৭০ হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী বিভিন্ন অসংক্রামক রোগ, যা মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশ। অতি-প্রক্রিয়াজাত খাদ্যে থাকা অতিরিক্ত চিনি, লবণ, স্যাচুরেটেড ফ্যাট ও ট্রান্স-ফ্যাট হৃদরোগ ও ক্যান্সারসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।
বক্তারা বলেন, প্যাকেটের সামনের ভাগে সহজ, স্পষ্ট ও বাধ্যতামূলক সতর্কীকরণ নির্দেশিকা (এফওপিএল) এসব রোগের ঝুঁকি কমানোর একটি কার্যকর উপায়।
তারা বলেন, বর্তমানে অতি-প্রক্রিয়াজাত খাবারের প্যাকেটের পেছনে থাকা জটিল পুষ্টিতথ্য অধিকাংশ ভোক্তা সহজে বুঝতে পারেন না। ফলে খাদ্যের প্রকৃত পুষ্টিমান ও সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে পর্যাপ্ত ধারণা ছাড়াই তারা খাদ্য নির্বাচন করেন। তবে বাধ্যতামূলক এফওপিএল চালু হলে প্যাকেটের সামনের ভাগে সতর্কবার্তার মাধ্যমে ভোক্তারা সহজেই বুঝতে পারবেন কোন খাদ্যে অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বি রয়েছে। এর ফলে তারা আরও সচেতনভাবে স্বাস্থ্যকর ও নিরাপদ খাদ্য নির্বাচন করতে পারবেন।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব জানান, বিশ্বে ৪৪টি দেশ ইতোমধ্যে এফওপিএল চালু করেছে। এতে এসব দেশে ভোক্তাদের খাদ্য নির্বাচনে ইতিবাচক পরিবর্তন এসেছে। বাংলাদেশও এবিষয়ে কাজ করছে বলে জানান ড. শোয়েব।
জিএইচএআই-এর বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস বলেন, বাংলাদেশে এফওপিএল বাস্তবায়িত হলে অসংক্রামক রোগের বিস্তার উল্লেখযোগ্যভাবে কমে যাবে।
প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়েবিনারে আরও বক্তব্য রাখেন বারডেম জেনারেল হাসপাতালের খাদ্য ও পুষ্টি বিভাগের চিফ নিউট্রিশনিস্ট শামসুন্নাহার নাহিদ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখার, ভাইটাল স্ট্র্যাটেজিস-এর কনসালটেন্ট আমিনুল ইসলাম সুজন ও প্রজ্ঞার প্রোগ্রাম অফিসার শবনম মোস্তফা।


