চব্বিশের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে অয়নসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
ওই সময় নারায়ণগঞ্জে রিয়া গোপসহ ১০ জনকে হত্যার ঘটনায় করা অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
প্রসিকিউশনের পক্ষ থেকে আসামিদের অপরাধ উপস্থাপন করে অভিযোগ আমলে নেওয়ার আবেদন করলে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ সোমবার এ আদেশ দেন। সেই সঙ্গে এই মামলায় পলাতক সব আসামিকে গ্রেপ্তার করে আগামী ২৬ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয় আদালত।
মামলায় এদিন প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম। তিনি সাংবাদিকদের বলেন, গত বছর ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট ১০ জনকে হত্যার ঘটনায় আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি অভিযোগ আনা হয়েছে।


