রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা ড্রাইভারকে প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়ার ঘটনায় বিক্ষোভ করেছেন। একইসঙ্গে তারা চলমান তিন দফা দাবি আদায়ের আহ্বান জানান।
মঙ্গলবার দুপুরে রুয়েট সেন্ট্রাল লাইব্রেরি প্রাঙ্গণ থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মেইন গেট হয়ে বিনোদপুরে গিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে।
এ সময় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে ‘ড্রাইভার থেকে ইঞ্জিনিয়ার, মানি না মানব না’, ‘কোটা না মেধা, মেধা মেধা’সহ নানা স্লোগান দেন।
তড়িৎ কৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিদওয়ান সিদ্দিকী বলেন, ‘ড্রাইভার থেকে ইঞ্জিনিয়ার পদোন্নতির মাধ্যমে প্রকৌশল খাতে চলমান গভীর ষড়যন্ত্র আরও প্রকট আকার ধারণ করেছে। আমরা অবিলম্বে এমন প্রহসন বন্ধ ও তিন দফা যৌক্তিক দাবি পূরণের আহ্বান জানাই।’
যন্ত্রকৌশল বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মেহরান আল বান্না ইউশা বলেন, ‘২০১৩ সাল থেকে সরকারের মদদে তৈরি হওয়া ডিপ্লোমা সিন্ডিকেট দেশের উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।‘
‘দেশের উন্নয়নে এই সিন্ডিকেট ভাঙতে হবে। আমরা চাই, অন্তর্বর্তী সরকারের উদ্যোগে সুবিচার প্রতিষ্ঠা ও প্রকৌশল খাতের সংস্কার নিশ্চিত করা হোক,’ যোগ করেন তিনি।


