ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় চুয়াডাঙ্গার সাজাপ্রাপ্ত কয়েদি আব্দুল মালেককে মুক্তি দেওয়া হয়েছে। রোববার বিকালে তাকে মুক্তি দেওয়া হয়।
আব্দুল মালেক একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজা ও নগদ পাঁচ হাজার টাকা দণ্ডপ্রাপ্ত কয়েদি। তিনি ১১ বছর সাজা ভোগ করেছেন।
তার অবশিষ্ট সাজা মওকুফ ও মুক্তির আদেশের কাগজ ই-মেইলে চুয়াডাঙ্গা কারাগারে এসে পৌঁছালে যাচাই বাছাই শেষে রোববার বিকাল সাড়ে ৫টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। এ সময় তার স্বজনরা কারা ফটকে উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার মনির হোসেন জানান, এবারের ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় সারা দেশে চারজন সাজাপ্রাপ্ত কয়েদির সাজা মওকুফ করে মুক্তি দেওয়া হয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গা কারাগারের একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি রোববার বিকালে মুক্তি পেয়েছেন।
মুক্তিপ্রাপ্ত আব্দুল মালেক কারাগার কর্তৃপক্ষকে তার অর্থদণ্ডের অনাদায়ী পাঁচহাজার টাকা পরিশোধ করেন। এদিকে জেলা সমাজসেবা অধিদপ্তর তাকে একটি লুঙ্গি ও পাঞ্জাবি এবং নগদ এক হাজার টাকা দেয়।
ঈদুল আজহা উপলক্ষে সাজা মওকুফ পাওয়া অন্য বন্দিরা হলেন-ফরিদপুর জেলা কারাগারের কয়েদি নাঈম শিকদার, খুলনা জেলা কারাগারের কয়েদি মো. ইসলাম শেখ এবং রাঙ্গামাটি জেলা কারাগারের কয়েদি পলাশ বড়ুয়া ।


