জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে অভিসংশনের মাধ্যমে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন এবং তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এ ছাড়া জুলাই গণহত্যার সময় তিনি নির্বিকার ছিলেন বলেও অভিযোগ করেন।
তিনি বলেন, ‘দ্রুত রাষ্ট্রপতিকে অভিসংশনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং তাকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করতে হবে।’
ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে চাঁদাবাজি ও অব্যবস্থাপনা বন্ধ করতে হবে।
অনুষ্ঠানে মিয়াজ মেহরাব তালুকদারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আতিক মোজাহিদ এমপি, তানহা শান্তা, জাহিদুল ইসলাম, জাহিদ আহসান, খান তালাত মাহমুদ রাফি, আশিকিন আলম ও ইকরাম এলাহী খান।


