বিএনপি সরকার কোনো তদবির নয়, সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা সমিতির ইফতার মাহফিলে একথা জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ছেলেরা চাকরির জন্য ঘুর ঘুর করে। এভাবে চাকরি তো পাওয়া যাবে না, চাকরি তো অসম্ভব। এজন্য আমাদের নিজেদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ করতে হবে, ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। মেধাকে প্রাধান্য দিতে হবে। আমরা খালি অমুকের ভাই, ভাই একটু বলে দেন। এভাবে হবে না।’
স্থা্নীয় সরকারমন্ত্রী বলেন, ‘বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির। সেই তদবিরগুলো হচ্ছে পোস্টিং-টোস্টিং এই সমস্ত। কিন্তু সেগুলোকেই যদি প্রধান গুরুত্ব দিই, তাহলে তো মুশকিল হবে।’
নিজ জেলা ঠাকুরগাঁওয়ের উন্নয়নে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চার লেনের সড়ক নির্মাণসহ অবকাঠামোর উন্নয়ন এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে কাজ করার বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলে জানান মির্জা ফখরুল।
তিনি সমিতির নামে বিভক্তি সৃষ্টির সমালোচনা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্যরা এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


