ঢাকার রায়েরবাজার এলাকায় কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপের’ ১০ সক্রিয় সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ৯টার দিকে পাটালি গ্রুপের কয়েকজন সদস্যের রায়েরবাজার এলাকায় আবার অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে ওঠার খবর আসে। এরপরই সেনা টহল দল দ্রুত সেখানে অভিযান পরিচালনা করে।
সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে গ্রুপের কিছু সদস্য পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, স্বপন (৩০), আল আমিন (২২), শাকিল (২৫), মুনতাজ (২৫), মুক্তার (২৩), রিয়াজ (২১), ইমন (২০), লিমন (২০), আকতার (২০) এবং গ্রুপের অন্যতম নেতা নাঈম (২২)।
স্থানীয় বাসিন্দারা জানান, পাটালি গ্রুপের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। সেনা সদস্যদের দ্রুত এ ধরনের পদক্ষেপের ফলে এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরতে শুরু করেছে।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা বলেন, ‘মোহাম্মদপুর সেনাবাহিনীর হটলাইনে কয়েকজন এলাকাবাসী ফোন করে পাটালি গ্রুপের বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের অভিযোগ দেয়। তাদের অভিযোগের ভিত্তিতে রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে কয়েকজন আগেও গ্রেপ্তার হয়েছিল, পরে জামিনে ছাড়া পেয়েছে।’


